অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণা করা হবে। তিনি বলেন,
আমরা যে প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলাম—বিচারকাজ শুরু করার—তা বাস্তবে রূপ নিচ্ছে। এবার আমরা রায় দেখতে যাচ্ছি, যা শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম আরও বলেন,
জুলাইয়ে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম-খুন ও কিলিং মিশনে যুক্ত ছিল—তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যেই বিচার কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান থাকবে পরবর্তী সরকারেও।
সংস্কার প্রসঙ্গে তিনি জানান,
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কারে বড় অগ্রগতি অর্জন করেছে। সব রাজনৈতিক দল একমত হয়ে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে—এটাই বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সংস্কার কার্যক্রমের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে—যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং গণতন্ত্রের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, আর গুম-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হবে।
মতবিনিময় অনুষ্ঠানের আগে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবীন শীষ, ওসি আবদুল বারী, উপদেষ্টার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এবং ভাই মাহবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
