তত্ত্বাবধায়ক সরকার ফেরানো যাবে কি না, রায় ২০ নভেম্বর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবে আপিল বিভাগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) একই বেঞ্চে দীর্ঘ শুনানি হয়, যেখানে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল থাকা উচিত হবে না। তার দাবি, রায় পরিবর্তনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এর পর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এই রায় পুনর্বহালের পক্ষে আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করেন।

সবার অপেক্ষা এখন ২০ নভেম্বরের দিকে।সেদিনের রায়ে নির্ধারিত হবে বাংলাদেশে আবারও ফিরবে কি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাকি বর্তমান ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *