দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, দগ্ধ অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের নিকটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

চোখের পলকে আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। রাস্তায় হাঁটছিলেন এমন বহু পথচারী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশেপাশের ভবনের কাচ পর্যন্ত কেঁপে ওঠে।

এটি সন্ত্রাসী হামলা কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি দিল্লি পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন,

এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ঘটনাস্থলে পৌঁছে তদন্তে অংশ নিয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বিস্ফোরণের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করেন। পরে অমিত শাহ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ঘটনায় ব্রিফ করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

আহতদের বেশ কয়েকজনকে দ্রুত স্থানীয় এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছু আহতের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, যে গাড়িটিতে প্রথম বিস্ফোরণ ঘটে তার দরজা সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে। চারপাশে ধ্বংসস্তূপ, পোড়া গাড়ি এবং আহতদের আর্তচিৎকারে এক বিভীষিকাময় দৃশ্য তৈরি হয় এলাকায়।

স্থানীয় প্রশাসন এলাকা ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *