নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশেপাশের অঞ্চলে তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে, যদিও প্রশাসন দেশজুড়ে কঠোর কারফিউ জারি করেছে। পুলিশের দমন-পীড়ণের ফলে মঙ্গলবার পর্যন্ত অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে কাঠমান্ডুতে ১৭ জন ও ইটাহারিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০-এর বেশি বিক্ষোভকারী।
বিক্ষোভ মূলত জেন জি প্রজন্মের তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, যারা দুর্নীতিবিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ করছেন। স্থানীয় প্রশাসন আইন ১৯৭১-এর ধারা ৬(৩) অনুযায়ী সব ধরনের চলাফেরা, জমায়েত, মিছিল ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করেছে।
তবে কারফিউকে উপেক্ষা করে নিউ বানেশ্বরসহ উপত্যকার বিভিন্ন এলাকায় তরুণরা রাস্তায় নামেন। পার্লামেন্ট ভবনের সামনের অংশে তারা জড়ো হলেও ব্যানার বহন করেননি। এক অংশগ্রহণকারী জানান,
গতকালের ঘটনা সরকারের ব্যর্থতার প্রমাণ। আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।
চন্দ্রনিগাহাপুরে পুলিশের গুলিবর্ষণের ঘটনা বিশেষভাবে লক্ষ্যণীয়। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার জেরে আইনশৃঙ্খলা বাহিনী ডজনখানেক ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভ ও সংঘর্ষের কারণে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
সরকার ও বিরোধী দলগুলো এই হত্যাকাণ্ড ও দমননীতির তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, এই ঘটনা সরকারের দমনমূলক অবস্থানকে আরও স্পষ্টভাবে প্রকাশ করেছে।
