বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী করা এবং জনগণকে কিছু দেওয়ার জন্য এখন সংস্কার ও নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি বলেন, নির্বাচিত সরকার আসলেই গণতন্ত্রের ভিত যেমন দৃঢ় হবে, তেমনি দীর্ঘদিন ধরে আন্দোলনের যে লক্ষ্য ছিল—বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা—তা পূর্ণ হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ্যানি মনে করেন, বর্তমান সময় কিছুটা ক্লান্তিকাল হলেও গণতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা ষড়যন্ত্র মোকাবিলায় আরও ঐক্যবদ্ধ ও সচেতন হওয়া জরুরি। তিনি জানান, দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র এখনো চলছে। তাই সবাইকে সতর্ক থেকে জাতিকে আশ্বস্ত করতে হবে যে বিএনপি ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে দেশে স্বাধীন বিচারব্যবস্থা গড়ে তোলা হবে, মিডিয়া কমিশন গঠন করা হবে এবং সর্বসম্মতিক্রমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। এ জন্য সুদৃঢ় রাজনৈতিক ঐক্য এখন সবচেয়ে প্রয়োজন।
সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
