১০ দলীয় জোটের ক্রমবর্ধমান গণসমর্থনে আতঙ্কিত হয়ে একটি দল অসংলগ্ন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের ব্যাপক সাড়া দেখে একটি পক্ষ এখন বিভ্রান্তিকর ও উল্টাপাল্টা বক্তব্য ছড়াচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব।
অনুষ্ঠান শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা এলাকা থেকে শুরু হওয়া একটি গণমিছিলে নেতৃত্ব দেন তিনি।
