ভোটের মাঠে পঞ্চগড়: শান্তি–ইনসাফের কথা বললেন সারজিস, ঐক্যের ডাক নওশাদের

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

ভোটের দিন যত এগিয়ে আসছে, পঞ্চগড়ের গ্রামগুলো ততই সরব হয়ে উঠছে নির্বাচনী তৎপরতায়। বাড়ির উঠান, হাটের মোড় কিংবা কাঁচা রাস্তার ধারে—সবখানেই প্রার্থীদের দেখা মিলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি থাকায় পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে।

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে তিনি বলেন, শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার নামে কোনো ধরনের জুলুম চলতে পারে না। তার ভাষায়,

ইনসাফের কথা বলেই যদি জুলুম করা হয়, তাহলে সেটি আর ইনসাফ থাকে না।

সারজিস আলম দাবি করেন, গত দেড় বছরে একটি দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনাস্থা তৈরি করেছে। তিনি বলেন,

আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা মানুষ। দু-চারজন চাঁদাবাজ বা অপকর্মকারীর কাছে মাথা নত করার প্রশ্নই আসে না।

তিনি ভোটারদের ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যারা ক্ষমতায় না এসেই মামলা ও জুলুমের রাজনীতি শুরু করেছে, তারা ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরও মাঠে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রত্যন্ত গ্রামে উঠান বৈঠক ও পথসভা করছেন। ভোটারদের কথা শুনে তিনি নতুন বাংলাদেশ গঠনে ঐক্যের ওপর জোর দেন।

নওশাদ জমির বলেন, পরিবর্তনের জন্য জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সে লক্ষ্যেই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পঞ্চগড়ের নির্বাচনী মাঠে এখন একদিকে শান্তি ও ইনসাফের বক্তব্য, অন্যদিকে ঐক্য ও পরিবর্তনের ডাক—দু’টি বার্তাই ভোটারদের মনোযোগ কেড়ে নিচ্ছে। ভোটের ফলাফলই বলে দেবে, শেষ পর্যন্ত কোন বার্তা মানুষ গ্রহণ করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *