১৩৩ ঘণ্টা পর সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক রহমান

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

দীর্ঘ ১৩৩ ঘণ্টার অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন ‘আম জনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেছিলেন তিনি।

রবিবার (৯ নভেম্বর)রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তারেক রহমান। পরে তাকে অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে জানান,

আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও বহু নির্যাতন সহ্য করেছেন।

তিনি আরও বলেন,

গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেই তারা দল নিবন্ধনের আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ পর্যালোচনার পরও তাদের আবেদন গৃহীত হয়নি। আজ আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি—তাদের দল যেন ন্যায়বিচার পায়, সেই প্রত্যাশা করেছি।

সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানকে তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন অনশন ভাঙার জন্য, যাতে তিনি সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে আবার সক্রিয় হতে পারেন।হাসপাতালে নেওয়ার সময় তারেক রহমান দুর্বল ছিলেন, তবে সঙ্গীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, অনশন চলাকালীন তারেক রহমানের শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শেই অবশেষে তিনি অনশন ভাঙতে রাজি হন।

বর্তমানে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি আছেন, যেখানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এই অনশন কর্মসূচি ঘিরে রাজধানীর আগারগাঁও এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *