ধর্মীয় আবেগে ভোট চাইছে একটি পক্ষ, গণতন্ত্র হুমকিতে: নাহিদ ইসলাম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বিজয় র‍্যালি শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি সক্রিয়ভাবে চলছে এবং এর মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি ও স্বাধীনতার মূলস্তম্ভ। এটি কোনো একক দলের সম্পত্তি নয়। তার ভাষায়,

৫ আগস্ট আমরা মুক্তিযুদ্ধকে দলীয় বয়ান থেকে বের করে এনেছি।

নাহিদ ইসলাম আরও বলেন,

এই আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধ আমাদের, ইসলাম আমাদের, জুলাইও আমাদের। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর রাজনীতির বিরুদ্ধে দেশকে রক্ষা করা হবে।

তিনি অভিযোগ করেন, ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।

নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। তবে দলটি নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণ এবং কার্যকর সংসদের পক্ষে অবস্থান নেবে। তিনি জানান, খুব শিগগিরই বাকি আসনগুলোতে দলের প্রার্থী ঘোষণা করা হবে এবং আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে দলের সদস্যসচিব আখতার হোসেন কড়া ভাষায় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বাংলাদেশের মহান বিজয়কে অন্য দেশের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করা ইতিহাস বিকৃতি। তিনি অবিলম্বে সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু প্রতীক বা মার্কার লড়াই নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন।

নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দলের যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি বলেন,

তফসিল ঘোষণার পরদিনই প্রার্থী গুলিবিদ্ধ হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সহমর্মিতা চাই না, হাদির ঘটনায় বিচার চাই।

বিজয় দিবসের কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা গণতন্ত্র, সংসদ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *