আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এবার যারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশ নেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন,
আগের মতো আর দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানাবেন—তাদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হবে।
তিনি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই আগের মতো বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে দেওয়া হবে না।
নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন,
জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। ভোটকেন্দ্রে গিয়ে যদি কোনো ঝুঁকি মনে হয়, সঙ্গে সঙ্গে জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে উপহার দিতে চান প্রশাসন।
এটা আমাদের কমিটমেন্ট,
—জোর দিয়ে বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মতবিনিময়ের একপর্যায়ে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যার জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সব মিলিয়ে প্রশাসনের বক্তব্যে স্পষ্ট—এবারের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শৈথিল্য নয়, বরং কঠোর প্রস্তুতি ও জিরো টলারেন্স নীতিতেই মাঠে নামতে চায় জেলা প্রশাসন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালন মানেই ঝুঁকি বুঝে সাহসিকতার সঙ্গে দায়িত্ব নেওয়ার বার্তাই দেওয়া হলো প্রিজাইডিং কর্মকর্তাদের।
