বিজয় দিবসে রক্তাক্ত সড়ক: বিভিন্ন জেলায় প্রাণ গেল সাতজনের

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

মহান বিজয় দিবসে উৎসবের আবহের মাঝেই দেশের সড়কগুলোতে ঘটেছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। কুষ্টিয়া, সাতক্ষীরা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা, এক মা ও তার শিশুপুত্রসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনটির প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা। লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়।

নিহতরা হলেন—পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪৫) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন (৪০)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মা ও ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

নিহতরা হলেন—শারমিন খাতুন (৩০) এবং তার ছেলে মোস্তাকিন (১২)। ছেলের বার্ষিক পরীক্ষা শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নসিমন সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

হবিগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। পেছন থেকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় হেলপার নিহত

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে তোফায়েল মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হন। বিজয় দিবসের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাতীয় দিবসের আনন্দের দিনে এভাবে একের পর এক প্রাণহানি ফের প্রশ্ন তুলেছে সড়ক নিরাপত্তা, যানবাহনের নিয়ন্ত্রণ ও চালকদের দায়িত্বশীলতা নিয়ে। আইন প্রয়োগ ও সচেতনতা না বাড়লে উৎসবের দিনগুলোও যে নিরাপদ নয়—সে বার্তাই যেন আবারও স্পষ্ট হলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *