নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

রাষ্ট্রীয় শোক চলাকালীন ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ফোটানোর ঘটনায় রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পর মিরপুর-৭ এলাকার একটি ভবনে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের ওই বহুতল ভবনের একটি অংশজুড়ে আগুন জ্বলছে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

নিষেধাজ্ঞায় উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়। একই সঙ্গে উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা জনউপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

তবে এসব নির্দেশনা উপেক্ষা করে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উদযাপনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়। রাত ১২টা বাজার আগেই রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজির শব্দ শোনা যায় এবং কোথাও কোথাও ফানুস ওড়ানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো আতশবাজি থেকেই মিরপুরের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *