সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

2 Min Read

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

২০ আগস্ট সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলা কমপ্লেক্সের আভ্যন্তরীণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। তিনি তার বক্তব্যে মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অভয়াশ্রম প্রতিষ্ঠা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জুয়েল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম ও কৃষি কর্মকর্তা মারুফ হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চল সন্দ্বীপে মাছ চাষের অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি জলাশয় রক্ষা, মা মাছ ও পোনা সংরক্ষণ এবং জাটকা নিধন বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহকে সফল করতে স্থানীয় জেলেদের সহযোগিতা কামনা করেন এবং সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছচাষি, জেলে প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা সফল তিন জন মৎস্য উদ্যোক্তা ও কুইজ বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মাহবুবুর রহমান ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য সহকারী মো: মঈনুল হোসেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *