যশোর সীমান্তে এক বছরে উদ্ধার ৩৭৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন অভিযানে প্রায় ৩৭৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—স্বর্ণ ৫৮ দশমিক ৪৯ কেজি, রৌপ্য ১২৪ দশমিক ১২ কেজি, বিভিন্ন ধরনের অস্ত্র ২৭টি, গুলি ১৫২ রাউন্ড, মদ ২৮ হাজার ৩৯৩ বোতল, হেরোইন ৩৭ দশমিক ৫৪ গ্রাম, ইয়াবা ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস, ফেনসিডিল ৪৯ হাজার ৮৮ বোতল, গাঁজা ১ হাজার ৬৭৭ দশমিক ৪৬ কেজি এবং বিভিন্ন ধরনের মেডিসিন ২ লাখ ৬৮ হাজার ৩২৬ পিস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গত এক বছরে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য ও ৭৭ লাখ টাকার মাদক উদ্ধার করেছে। এ সময় ৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির নিরাপত্তা প্রস্তুতির কথাও তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। তিনি জানান, যশোর রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় মোট ১৭২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

খুলনা ব্যাটালিয়নের আওতাধীন ৩১টি উপজেলা ও ১৬টি সংসদীয় আসনে ৩৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।

নির্বাচনকালীন সহিংসতা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে বিজিবি ‘অপারেশন ডেভিল হান্ট-২’ পরিচালনা করবে বলেও জানান তিনি। ইতোমধ্যে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *