রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
তবে এখনো গ্রেফতার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
আজ শুক্রবার (৩১শে অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে রাজধানীতে গোপনে দলীয় কর্মসূচি পালনের চেষ্টা করছিল আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী এসব তৎপরতা পর্যবেক্ষণ করে আসছিল।
একই সঙ্গে রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
