রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছে আদালত। বিচারকের নির্দেশে এসব আসামির নামসহ বিজ্ঞপ্তি দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (৩১শে অক্টোবর) প্রকাশিত সিআইডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে পলাতক আসামিদের বিষয়ে জনসাধারণকে অবহিত করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিআরপিসির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত পরিচালনা করে। তদন্তে উঠে আসে—দেশ ও বিদেশ থেকে পরিচালিত ওই অনলাইন প্ল্যাটফর্মটি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি। তদন্ত প্রক্রিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সার্ভারের তথ্য ফরেনসিক বিশ্লেষণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়েছে সিআইডি।
সূত্র জানায়, মামলাটি এখন আদালতে পরবর্তী ধাপের কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
