অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনই বর্তমান সংকটের উৎস বলে মন্তব্য মির্জা ফখরুলের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, স্বাক্ষরিত দলিল ও বাস্তবায়নের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করে সনদের মূল উদ্দেশ্য বিকৃত করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে।

তিনি আরও অভিযোগ করেন,

জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের বিভ্রান্তিতে না পা দিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,

জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদ তৈরি করতেই সরকার এই প্রক্রিয়াকে ব্যবহার করছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,

জাতীয় নির্বাচনের সাথেই গণভোট হতে হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

বিশ্লেষকদের মতে, সনদ বাস্তবায়ন নিয়ে এমন পারস্পরিক অভিযোগ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই ইস্যু আগামী দিনে আরও তীব্র হতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *