ওমরাহ ভিসার মেয়াদ কমিয়ে এক মাস করল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি সরকার। নতুন নীতি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

তবে হজযাত্রীদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়। তারা সৌদি আরবে পৌঁছানোর পর আগের মতো তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো ওমরাহযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আগমনের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ওমরাহ মৌসুমে প্রত্যাশিত ভিড় সামলানোর প্রস্তুতির অংশ হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। গ্রীষ্মকাল শেষ হয়ে তাপমাত্রা কমতে শুরু করায় মক্কা ও মদিনায় ওমরাহযাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই দুই পবিত্র নগরীতে অতিরিক্ত ভিড় এড়াতেই মেয়াদ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ঘোষণা দেয়, দেশটির যেকোনো ধরনের ভিসাধারীরাই এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মভিসাধারীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

সৌদি সরকারের দাবি, ভিসা প্রক্রিয়া সহজ করা ও ধর্মীয় পর্যটনে সেবার মান বাড়ানো—দুটি লক্ষ্য পূরণের দিকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *