ইরানে বিক্ষোভে নিহত ১৬,৫০০, আহত ৪ লাখের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দমন–পীড়নের ফলে কমপক্ষে ১৬ হাজার ৫০০ বিক্ষোভকারী নিহত এবং প্রায় সাড়ে তিন থেকে চার লাখ মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমস।

শনিবার (১৭ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে ঘটনাস্থলে কর্মরত চিকিৎসকদের বরাতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহতদের বেশিরভাগই ৩০ বছরের কম বয়সী।

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ পরে ইরানের শাসনব্যবস্থার পতনের দাবিতে রূপ নেয়। সাম্প্রতিক অস্থিরতা নিয়ে প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সহিংসতায় ‘কয়েক হাজার’ মানুষ নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে সামরিক মানের অস্ত্র ব্যবহার করেছে। নিহত ও আহতদের অনেকের মাথা, ঘাড় ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। ইরানি-জার্মান চক্ষু সার্জন অধ্যাপক আমির পারাস্তার বরাতে জানানো হয়, অন্তত ৭০০ থেকে এক হাজার মানুষ চোখ হারিয়েছেন।

ইরানের আটটি প্রধান চক্ষু হাসপাতাল ও ১৬টি জরুরি বিভাগের তথ্য বিশ্লেষণ করে সানডে টাইমস জানায়, নিহতের সংখ্যা ১৬ হাজার ৫০০ থেকে ১৮ হাজার এবং আহতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার থেকে ৩ লাখ ৬০ হাজার হতে পারে। আহতদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীরাও রয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৩ হাজার ৯০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি ২৮৮৫ জন বিক্ষোভকারীসহ ২২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

বিক্ষোভ চলাকালে ইরানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ভুলভাবে জানা কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সানডে টাইমস, নিউ ইয়র্ক পোস্ট

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *