আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া।
সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠক শেষে আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত স্পষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে— ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না, গাজার সামরিকীকরণ বন্ধ করা হবে, এবং নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন,
ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে আমরা স্বীকৃতি দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই অধিকারকে বাস্তবায়ন করতে কাজ করব।
তিনি অভিযোগ করেন, ইসরাইল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে এবং সেখানকার পরিস্থিতি এখন
বিশ্বের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে।
আলবানিজ আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করবে এবং শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার চালাবে।
এই সিদ্ধান্তের আগে গত দুই সপ্তাহে তিনি ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করেছেন।
বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে পারে এবং বহুদিনের স্থবির হয়ে থাকা দ্বি-রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে এগিয়ে দিতে সহায়ক হতে পারে।
