পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী আরেকটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করে জানান, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযানের অংশ।
এই হামলা এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন ও কয়েক হাজার সেনা। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তি প্রদর্শনের এই ধারা লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সোমবার তিনটি আলাদা হামলার পর মেক্সিকান কর্তৃপক্ষ এখন পর্যন্ত একমাত্র জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার ভাষায়,
চারটি নৌযান পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং সেগুলোতে অবৈধ পণ্য বহন করা হচ্ছিল।
তবে, ঘটনার বিস্তারিত ও হামলার আইনি যৌক্তিকতা নিয়ে তিনি কোনো তথ্য দেননি। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এমন সামরিক অভিযান ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শামিল হতে পারে। জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের একাধিক দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
এ নিয়ে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। এতে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন দাবি করছে, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে পরিচালিত এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘মাদক-সন্ত্রাসী নেটওয়ার্ক’-এর অংশ।
কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব অভিযোগের বেশিরভাগই প্রমাণহীন। তাদের মতে, এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে নতুন সংঘাতের জন্ম দিতে পারে।
