মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গাজায় চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরাইল। মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, “আমার প্রতিনিধিরা ইসরাইলিদের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছে। ইসরাইল এখন ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত। এই সময়ের মধ্যে আমরা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে কাজ করব।”
তিনি আরও জানান, কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবটি হামাসের কাছে উপস্থাপন করা হবে। “আমার বিশ্বাস, হামাস চুক্তিটি গ্রহণ করবে। কারণ এটি না মানলে পরিস্থিতি আরও খারাপ হবে,”—জানান ট্রাম্প।
ফক্স নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মঙ্গলবার ইসরাইলের কৌশলগত বিষয়কমন্ত্রী রন ডার্মারের বৈঠকের পরই এই অগ্রগতি আসে।
ইসরাইল বলছে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করতে হবে। তবে হামাস জানিয়েছে, তারা গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত, কিন্তু অস্ত্র সমর্পণ করবে না।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র বলেন, “আমরা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে আন্তরিক। গাজার শান্তি স্থাপনে আব্রাহাম চুক্তিকে সম্প্রসারিত করাও আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, গাজার বুরেইজ শরণার্থী শিবিরে শুক্রবারের ইসরাইলি বোমা হামলার পর যুদ্ধবিরতি সংক্রান্ত এ আলোচনায় গতি আসে। উইটকফ শিগগিরই মিশরের কায়রোতে গিয়ে চূড়ান্ত আলোচনা করবেন বলে জানা গেছে।
