ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব, কূটনৈতিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আবারও তলব করেছে ভারত। ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা এবং কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে ডেকে পাঠানো হয়। চলতি সপ্তাহে এটি দ্বিতীয়বারের মতো তলবের ঘটনা।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানানোর পরপরই নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনার ইঙ্গিত মিলছে।

মঙ্গলবার সকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ। এ সময় ২০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ও নয়াদিল্লিতে হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় তীব্র উদ্বেগ জানানো হয়।

এর মধ্যেই বাংলাদেশকে ঘিরে ভারতের একাধিক শহরে টানা কয়েক দিন ধরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কলকাতা, শিলিগুড়ি ও নয়াদিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক ও ভিসা সংক্রান্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ, প্রতিবাদ এবং বাড়তি নিরাপত্তার দৃশ্য দেখা যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করেই এসব আন্দোলন চলছে বলে দাবি বিক্ষোভকারীদের।

মঙ্গলবার কলকাতায় শতাধিক বিক্ষোভকারী শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। ‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ নামে আয়োজিত এই মিছিল বেকবাগান এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি হাইকমিশনের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও উত্তেজনা ছড়ায়। বাংলাদেশ ভিসা এপ্লিকেশন সেন্টারের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে রাজধানী নয়াদিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটে। এতে কূটনৈতিক এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকিতে পড়তে দেওয়া হবে না।

একাধিক শহরে ধারাবাহিক বিক্ষোভ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *