ইরানে চলমান ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসনব্যবস্থা শেষ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তার মতে, ইরানের নেতৃত্ব এখন “শেষ দিন ও সপ্তাহের মধ্য দিয়ে” অগ্রসর হচ্ছে।
মঙ্গলবার এক বক্তব্যে মের্জ বলেন, সহিংসতা ও দমন–পীড়নের মাধ্যমে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জনগণ যখন প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে, তখন সেই শাসনের বৈধতা কার্যত শেষ হয়ে যায়।
তিনি আরও বলেন, ইরানে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে করে দেশটির শাসকগোষ্ঠী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই বৈধতার সংকটে পড়েছে।
ইরানের পরিস্থিতি নিয়ে জার্মানি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান মের্জ। একই সঙ্গে তেহরানের প্রতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন–পীড়ন বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।
তবে ইরানের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জার্মান চ্যান্সেলর। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে নতুন করে অর্থনৈতিক চাপের বিষয়টিও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইরানে মুদ্রার দরপতন ও অর্থনৈতিক অব্যবস্থাপনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। চলমান এই অস্থিরতা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং শীর্ষ নেতৃত্বকে গভীর সংকটে ফেলেছে।
সূত্র: রয়টার্স
