নেপালে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা, প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।

প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল গণমাধ্যমকে জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৫ মার্চ।

স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যার মেয়াদ হবে ছয় মাস। এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজনের দায়িত্ব পালন করবে।

প্রধানমন্ত্রী হিসেবে কার্কিকে মনোনয়ন দেওয়ার আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। সবাই একমত হয়ে তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে নেপালে তরুণ প্রজন্মের (জেন-জি) নেতৃত্বে আন্দোলন শুরু হয়। সোমবার বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এতে উত্তেজনা আরও বাড়ে এবং পরদিন আন্দোলনের তীব্রতা চরমে পৌঁছে।

তীব্র জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। বিক্ষোভকারীরা ওইদিন সাবেক দুই প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান এবং অর্থমন্ত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটে।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তিনিই দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা এনে দেয়।

তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এক সাক্ষাৎকারে সুশীলা জানিয়েছিলেন, ভারত সবসময় নেপালকে সহায়তা করেছে। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *