এনইআইআর সার্ভার ও আইপি নিয়ে অপপ্রচার, যা জানাল বিটিআরসি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে ছড়ানো অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জনস্বার্থে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি ও চুরি রোধ, অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব সুরক্ষার লক্ষ্যে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে। সিস্টেমটি চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এর সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বিটিআরসি জানায়, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরের একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব বিধি অনুসরণ করেই সিস্টেমটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএসআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে কোনো অবস্থাতেই এনইআইআর সিস্টেমের ডাটা বা ট্রাফিক দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এনইআইআর পরিচালনার জন্য প্রয়োজনীয় সব রিকোয়েস্ট দেশের ভেতরেই প্রক্রিয়াকরণ হচ্ছে বলেও জানানো হয়। একইসঙ্গে আইপি রুট সংক্রান্ত বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে এর অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *