পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইরান। তেহরান উভয় দেশকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে, তাই পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপই একমাত্র সমাধান।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদ ও কাবুল চাইলে তেহরান এই সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকা রাখতে প্রস্তুত। বাঘাই বলেন, “ইরান উভয় দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই না কোনো ভুল বোঝাবুঝি নতুন সংঘাতের জন্ম দিক।”
এদিকে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পাকিস্তান সীমান্ত ঘেঁষে কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্র ও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাকিস্তানের কুররাম অঞ্চল থেকেও মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে উভয় দেশই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সীমান্তে এই সামরিক প্রস্তুতি কেবল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও অনিশ্চিত করে তুলছে। ইরানের সাম্প্রতিক বার্তা তাই শুধু কূটনৈতিক আহ্বান নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এক ধরনের সতর্কবার্তাও বটে।
