দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসে অর্থ সরবরাহের অভিযোগে ইতালিতে নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ইতালির ফিলিস্তিন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হান্নুনও রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) ইতালির মাফিয়াবিরোধী ও সন্ত্রাসবিরোধী ইউনিটের যৌথ অভিযানে এসব গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার কৌঁসুলি কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তাররা সরাসরি বা পরোক্ষভাবে হামাসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির জন্য তহবিল জোগাড়ে ভূমিকা রেখেছেন—এমন অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগ্রহ করা অর্থের একটি বড় অংশ গোপনে হামাস-সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় ৭০ লাখ ইউরো স্থানান্তর করা হয়। অভিযানের সময় ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফলে এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তের সূত্রপাত হয় সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর। পরে নেদারল্যান্ডসসহ ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় তদন্ত বিস্তৃত করা হয় এবং শেষ পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযানে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে একে “জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তথাকথিত দাতব্য কার্যক্রমের আড়ালে সন্ত্রাসী সংগঠনে অর্থায়নের বাস্তব চিত্র এই অভিযানের মাধ্যমে সামনে এসেছে।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: রয়টার্স
