যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অভিযানে তিন শতাধিক দক্ষিণ কোরীয় শ্রমিক আটক হওয়ার পর সিউলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রেসিডেন্ট লি জে-মিউং বিষয়টি সমাধানে সর্বোচ্চ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার জর্জিয়ার সাভানার কাছে হুন্ডাই মোটর–এলজি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মোট ৪৭৫ জনকে আটক করে। এদের মধ্যে ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরীয় নাগরিক। এটিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় একক কারখানা অভিযান হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেন,
আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং আমাদের নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় দায়বদ্ধতা অনুভব করছি।” তিনি জানান, সরকারের পক্ষ থেকে জরুরি টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে তিনি নিজেও ওয়াশিংটনে গিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে আটক শ্রমিকদের “অবৈধ অভিবাসী” আখ্যা দেন। তার ভাষায়,
আইসিই শুধু তাদের কাজ করেছে।
আইসিই কর্মকর্তারা দাবি করেন, অনেক শ্রমিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কেউ কেউ ভিসার শর্ত ভঙ্গ করেছিলেন এবং অনেকে ভিসার মেয়াদ শেষে থেকেছেন।
উল্লেখযোগ্য যে, আটক হওয়া শ্রমিকরা যে কারখানায় কাজ করছিলেন সেটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদনের জন্য নির্মাণাধীন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও সিউলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
