হাদি হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা আন্দোলনে আজও উত্তাল রাজধানীর শাহবাগ। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইনকিলাব মঞ্চের ব্যানারে চলমান এই আন্দোলন ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে।

এদিন বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষিত থাকলেও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির পর কর্মসূচির সময় পিছিয়ে দুপুর ২টায় নির্ধারণ করা হয়।

এরই মধ্যে রাজধানীর বাইরে সব বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ, যা আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাতে রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত এবং ঘটনার নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে কয়েক দিন ধরেই শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও জোরালো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *