সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শোকসভার শুরুতে উপাচার্য শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে দেশের মানুষের মধ্যে ঐক্যের একটি প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি বলেন, বেগম জিয়ার প্রশ্নে সারাদেশে এক ধরনের ঐক্য দেখা গেছে। তার জানাজার জমিন ছিল পুরো বাংলাদেশ। মৃত্যুর মধ্য দিয়েও তিনি জাতিকে এক কাতারে দাঁড় করিয়ে গেছেন।
শোকসভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের ইতিহাসে তার অবস্থানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক সাহসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
শোকসভায় অংশগ্রহণকারীরা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
