কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থীকে উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি!

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে ডাকযোগে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি ওই চিঠি গ্রহণ করেন।

চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে, যা কাফনের কাপড় হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে—

আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদীর মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।

চিঠির প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন-৭১-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলম নাম উল্লেখ করা হয়েছে।

হুমকির বিষয়টি জানাজানি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন করে খোঁজখবর নেন এবং তার নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন,

এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম।

উড়ো চিঠির ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,

সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোববার দুপুরে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উখিয়ায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী উড়ো চিঠির মাধ্যমে প্রার্থীকে হুমকির বিষয়টি তুলে ধরেন। এ সময় নির্বাচন কমিশনার বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *