মনোনয়ন না পেয়ে বিক্ষোভে ‘গরিবের ডাক্তার’ শহিদুল আলমের সমর্থকরা

সাতক্ষীরা প্রতিনিধি

1 Min Read

সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী তালিকায় অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের নাম না থাকায় তার সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিগঞ্জ প্রধান সড়কে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা ও মানবিক সেবা দিয়ে আসছেন অধ্যাপক ডা. শহিদুল আলম। ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে অন্যকে প্রার্থী করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীরা ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কেসমতুল বারি, সাধারণ সম্পাদক মিলন কুমরা সরকার, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক শেখ খায়রুল আলম এবং সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *