বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রকৃত গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হয় এবং প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। তিনি সতর্ক করে বলেন,
শুধু একজন কথা বলবে, একজন কর্তৃত্ব আরোপ করবে—সেটা গণতন্ত্র নয়, সেটা হবে স্বৈরতন্ত্র।
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর সংগ্রামের পর দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা আগামী জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন,
বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হয় এবং দেশের প্রতিটি নাগরিকের কথা বলার স্বাধীনতা থাকে।
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন,
আমরা কাউকে চাপিয়ে রাজনীতি করি না। বিএনপি রাজনীতি করে মানুষের কথা শুনে, জনগণের উপদেশকে গুরুত্ব দিয়ে।
জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
