সংস্কার, জুলাই সনদ, জুলাই গণহত্যার বিচার এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে। বিএনপি এখনও প্রকাশ্যে নাম ঘোষণা না করলেও শীর্ষ নেতৃত্ব ভেতরে ভেতরে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ করে এনেছেন। অক্টোবর থেকেই সেটি দৃশ্যমান হবে বলে জানা গেছে।
এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী বাছাইয়ে তরুণ প্রজন্মের মতামতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা—এসব ঐতিহ্যবাহী মানদণ্ডের পাশাপাশি উদ্যমী ও ক্যারিশমাটিক তরুণদের দিয়েই ভোটারদের চমক দেওয়ার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে অন্তত আটটিতে তরুণদের নাম ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নেতা কাদের গনি চৌধুরী (চট্টগ্রাম-২)। আন্দোলন-সংগ্রাম থেকে গণমাধ্যম—সব ক্ষেত্রেই তাঁর দৃশ্যমান ভূমিকা এবং সাংগঠনিক নেতৃত্ব তাঁকে সামনে এনে দিয়েছে। বিএনপির হাইকমান্ড তাঁকে ধানের শীষের মনোনয়ন দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
এছাড়া চট্টগ্রামের আরও বেশ কয়েকজন তরুণও প্রার্থী হিসেবে দলীয় প্রাথমিক তালিকায় উঠে এসেছেন।
চট্টগ্রাম-৩: সাবেক ছাত্রদল নেতা রফি উদ্দিন ফয়সাল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।
চট্টগ্রাম-৫: সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সাবেক এমপি ওয়াহিদ উদ্দিনের মেয়ে ব্যারিস্টার ফারজানা।
চট্টগ্রাম-৭: সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
চট্টগ্রাম-১০: সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।
চট্টগ্রাম-১১: স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, বর্তমানে বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য।
চট্টগ্রাম-১২: দীর্ঘদিন নির্যাতিত বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ, যিনি একসময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সে (সিএসএফ) দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম-১৬: দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এভাবে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বিএনপি এবার প্রার্থী তালিকায় এক নতুন চমক আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
