৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত: তারেক রহমান

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

2 Min Read

সরকারি নিয়োগের ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, একাত্তর কিংবা চব্বিশের আন্দোলনে কেউ কার ধর্ম বা জাতি দেখেনি। তাই সীমিত কোটা রেখে সমতল ও পাহাড়—সব জায়গার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তার মতে, নিয়োগ ব্যবস্থায় মূল ভিত্তি হওয়া উচিত যোগ্যতা ও মেধা।

আলোচনায় অর্থনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলতে চায়। তিনি বলেন, ব্লু ইকোনমি বলতে শুধু মাছ ধরা বোঝালে হবে না; এটি সামুদ্রিক অর্থনীতির একটি অংশমাত্র। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে কাজে লাগাতে পারলে দেশের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।

কৃষকদের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের ভর্তুকি থাকলেও সেগুলো কার্যকর নয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশে সিন্ডিকেটের কারণে কিছু মানুষ অনৈতিকভাবে লাভবান হচ্ছে, তাদের আইনের আওতায় আনা সম্ভব।

খাদ্যে ভেজাল ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার একা সবকিছু করতে পারে না। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মতভেদ থাকবে, আলোচনা হবে—কিন্তু ভেজালের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশে মেধাবী তরুণদের কোনো অভাব নেই, তাই হতাশ হওয়ার কিছু নেই। তরুণরা তাদের মতামত তুলে ধরলে বিএনপি সেগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিতে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *