দেশ রক্ষার ক্ষমতা আছে শুধু বিএনপির : শামসুজ্জামান দুদু

2 Min Read

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশকে রক্ষার ক্ষমতা একমাত্র বিএনপির হাতে রয়েছে। তিনি বলেন,

আমি বিশ্বাস করি, বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও ২৪ গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা সীমাহীন লুটপাটের মাধ্যমে দেশের ব্যাংক খাত ধ্বংস করে ফেলেছেন। তিনি বলেন, ভুয়া নির্বাচনের ধারাবাহিকতায় জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। গণহত্যা, ভোটচুরি ও ব্যাংক লুটপাটের জন্য সরকারের জবাবদিহি জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। আশা করা যায়, তিনি বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ্য করা নেত্রী হিসেবে উল্লেখ করেন দুদু। পাশাপাশি তারেক রহমানকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত নেতা হিসেবে অভিহিত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি মো. সুজাউদ্দৌলা। সভায় উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জনতা ব্যাংকের পরিচালক মো. ওবায়দুল হক, অগ্রণী ব্যাংকের পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *