রাজধানীর মতিঝিলের কমলাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মোছা. মরিয়ম (৫৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় মরিয়মকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং তা রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
এ ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মরিয়মকে আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রাজধানীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং বিশেষ করে সীমান্তঘেঁষা জেলা থেকে আসা চক্রগুলোকে টার্গেট করা হচ্ছে।
