পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, যেখানে হাজারো সুফিবাদী জনতা অংশ নেন।
সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে শোভাযাত্রাটি উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ শেষে আবার উদ্যানে ফিরে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।
ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ রাজধানীতে সমবেত হন। শোভাযাত্রার অগ্রভাগে বিশাল ব্যানারে লেখা ছিল—“ইয়া নবী সালামু আলাইকা” ও “ইয়া রাসূল সালামু আলাইকা।” অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। জাতীয় পতাকার বিশাল ব্যানারও ছিল শোভাযাত্রার বিশেষ আকর্ষণ, যা ঢাকার রাস্তাঘাটকে উৎসবমুখর করে তোলে।
শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আয়োজকরা এ শোভাযাত্রার মাধ্যমে নবী করিম (সা.)–এর জীবন ও আদর্শের অনুসরণে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
