সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বঙ্গোপসাগরের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও মশার কয়েলসহ ২২ জনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে পাচারে ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুটি ট্রলারকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৩০০ বস্তা সিমেন্ট এবং ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
ট্রলার দুটিতে থাকা মোট ২২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত থেকে ধারনা করা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে সমুদ্রপথে সীমান্তপাচারের সঙ্গে জড়িত।
জব্দ করা মালামাল, ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় ও সমুদ্র এলাকায় পাচার ও চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
