বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলশানের বাসা থেকে তারা হাসপাতালের পথে বের হন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর কিছুক্ষণ আগে পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন তারা।
ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের তুলনা করে তিনি বলেন, দুই সময়েই জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে।
তারেক রহমান একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এমন একটি দেশ গড়া হবে, যেখানে নারী-পুরুষ ও শিশুসহ প্রতিটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তির সঙ্গে সাদৃশ্য টেনে বলেন, ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর মতোই ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। দেশ গড়ার জন্য তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।
