বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছেন গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তারেক রহমানের ভাষণকে ইতিবাচক ও দেশগড়ার আহ্বান হিসেবে অভিহিত করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। প্রায় ১৮ বছর পর দেশে ফিরে লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া ওই ভাষণ ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি হয়।
লুৎফর হাসান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, পুরো বক্তব্যে কোনো আত্মপ্রচার, পারিবারিক পরিচয়ের গৌরবগাথা বা প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ ছিল না। বরং সেখানে ছিল দেশ গড়ার উদাত্ত আহ্বান এবং শহীদ হাদিসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ।
স্ট্যাটাসে তিনি লেখেন,
পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে।
তিনি আরও উল্লেখ করেন, এই বক্তব্য স্পষ্ট করে দেয়—দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ জনগণের। তার মতে, বক্তব্যটি একটি ইতিবাচক স্বপ্ন ও নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে।
স্ট্যাটাসের শেষাংশে লুৎফর হাসান লেখেন,
স্যালুট, প্রিয় তারেক রহমান।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, যাকে নিয়ে একসময় তাচ্ছিল্য করা হয়েছিল, তিনি আজ ফিরেছেন লাখো মানুষের ভালোবাসা নিয়ে। আর যিনি ফেরার পথ বন্ধ করে তা নিয়ে বিদ্রূপ করতেন, তিনি আজ অন্য দেশে উদ্বাস্তু।
