লন্ডনের অভিজাত হোটেল ডোরচেস্টারে আগামী ১৩ জুন বসতে যাচ্ছেন দুই আলোচিত ব্যক্তিত্ব—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে, স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা নিজেই তারেক রহমানকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “উনি (তারেক রহমান) ফরমালি দাওয়াত পেয়েছেন। মিটিংয়ের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে হোটেল ডোরচেস্টারে, যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন।”
বৈঠকের পর হাউজ অব কমন্সের ডেপুটি লিডার ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন বলেও জানা গেছে। এরপর অন্যান্য প্রবাসী রাজনৈতিক নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র মতে, পুরো আয়োজনটি রাখা হয়েছে একই ভেন্যুতে, কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছাড়াই।
চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। পরদিন লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি সফরের অংশ হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যদিও উভয় পক্ষ থেকেই আলোচনা বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে জরুরি অবস্থার সময়ে কারামুক্ত হয়ে লন্ডনে চলে যান। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় সাজা হলেও সাম্প্রতিক বছরগুলোতে একে একে তিনি সবগুলোতেই খালাস পান। যদিও এখনো তার দেশের ফেরা নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তিনি।
বৈঠকটি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হতে পারে এক নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো এ ধরনের ইঙ্গিত দেয়নি।
এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য ও পরবর্তী প্রেক্ষাপট নিয়ে পর্যবেক্ষকরা নজর রাখছেন, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন দেশে রাজনৈতিক সমঝোতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।।
