শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট, ক্যাম্পাসে বিক্ষোভ

সিলেট প্রতিনিধি

1 Min Read

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ও শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়।

রোববার (১৮ জানুয়ারি) শাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। সে কারণে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে দাবি করা হয়েছে।

রিট দায়েরের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার বেলা ১১টার দিকে বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা দ্রুত শাকসু নির্বাচন আয়োজন এবং আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন পর শাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে।

এদিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *