কোকোকে নিয়ে কটূক্তি: খুলনায় আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুফতী আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মহানগর হাকিম সোনাডাঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। এতে কোকোর পরিবার, বিএনপি এবং দলটির নেতাকর্মীদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক মো. আসাদুর জামান তদন্তের জন্য সোনাডাঙ্গা থানাকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী বাবুল হাওলাদার বলেন, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এতে বাদী ও সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হন এবং বিষয়টিকে মানহানিকর মনে করে আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *