জামায়াতে ইসলামী ও সমমনা আটটি দলের জোট গঠনের পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটেছে। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তার পরিবর্তে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম শহিদ। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,
কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আল্লাহ তায়ালা যেন দ্বীন প্রতিষ্ঠার পথে আজীবন অবিচল থাকার তৌফিক দান করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ বলেন, দলের বৃহত্তর স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগতভাবে হয়তো প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলেই সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
এর আগে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী ও সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে প্রার্থী সমন্বয়ের সিদ্ধান্ত কার্যকর হয়।
রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তনকে আসন্ন নির্বাচনের কৌশলগত সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
