সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর, জামিনও নামঞ্জুর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঈনউদ্দিন কাদির এ রিমান্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে সাঈদ ওরফে চাঁদ মিয়া হত্যাচেষ্টা মামলায়ও তার জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত।”

আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালতে জামিন শুনানির তারিখ ধার্য থাকা সত্ত্বেও নিম্ন আদালতে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা এর বিরোধিতা করেছি। এছাড়া সাঈদ হত্যাচেষ্টা মামলায়ও জামিন নামঞ্জুর হয়েছে।”

প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে মাথায় গুলিবিদ্ধ হন রিকশাচালক তুহিন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় দুই মাস পর, ১৩ সেপ্টেম্বর তুহিনের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আইভী ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে একসময় তুখোড় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত আইভীর বিরুদ্ধে এ হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর হওয়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশে চাঞ্চল্য ছড়িয়েছে।

আইভী বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে আছেন এবং রিমান্ড শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন বলে জানিয়েছে আদালত সূত্র।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *