রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. কামাল হোসেন (৪৪), মো. নুরে আলম (৪৫), মো. ওসমান (৩৯), মো. আব্দুর রহমান (৫৬), মো. বিল্লাল গড়ামী (৩০), মো. রনি (২৫), মো. শুভ ইসলাম কাউছার (২৪), বাপ্পী শিকদার (৩৫) ও মনিরুজ্জামান ওরফে বাপ্পী (৩২)।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হাতিরঝিল এলাকায় চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি ও মাদক সংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে পূর্বের মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যদেরও আটক করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান,
রাজধানীর কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হাতিরঝিলকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চলমান মামলার অগ্রগতি তদারকি করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাজুড়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
