সিলেটে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার শফিকুল ইসলাম, ক্যাশিয়ার নুর মুস্তফা ও সোহেল আহমদ মিলে নগদ ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তারা তাদের পরিচিত এক সিএনজিচালকের অটোরিকশায় করে যাচ্ছিলেন।
হুমায়ুন রশীদ চত্বরের আগে সততা রেস্টুরেন্টের সামনে পৌঁছাতেই পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ছিনতাইকারীদের সবাই হেলমেট পরিহিত ছিল এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার তিনজনই এনা পরিবহনের কর্মচারী হলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,
পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু সেটিও স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত।
তিনি আরও বলেন,
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কাউন্টার থেকে ব্যাংকে বড় অঙ্কের টাকা বহন করেন পরিবহন প্রতিষ্ঠানের কর্মীরা—তাদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, সশস্ত্র এই ছিনতাই চক্রের সদস্যরা আগে থেকেই টাকার গতিবিধি পর্যবেক্ষণ করেছিল।
