সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার গেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ টানানো হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল নগরীর পাঠানটুলায় তার বাসার দরজায় নোটিশটি সেঁটে দেয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস—আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণ সম্পদ বিবরণ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে বা মিথ্যা তথ্য প্রদান করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
প্রাথমিক অনুসন্ধানে দুদক নিশ্চিত হয়েছে যে, আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ নিয়ে তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।
